যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা ভাইরাস বিষয়ক উপদেষ্টা স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন। মহামারি সৃষ্টি করা এই ভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার জন্যই নির্বাচনে পরাজয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে ট্রাম্প শিবিরের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। তবে স্কট প্রথমদিকে ট্রাম্পের খুবই আস্থাভাজন ছিলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই কর্মকর্তা নানান সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার স্বীকার হয়েছেন। তিনি বিভিন্ন সময়ে মাস্ক পরা এবং অন্যান্য বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। খবর বিবিসির। স্কট অ্যাটলাসের পদত্যাগপত্রে ডিসেম্বরের ১ তারিখ দেওয়া রয়েছে। ব্যক্তি জীবনে এই উপদেষ্টার বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়, গণস্বাস্থ্য ও সংক্রামক রোগের বিষয়ে তার অভিজ্ঞতা খুবই সীমিত। পদত্যাগপত্রে অ্যাটলাস লিখেছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। তাকে এই সম্মানে ভূষিত করায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভ কামনা জানিয়েছেন। অ্যাটলাস বলেন, মানুষের জীবন বাঁচাতে এবং এই মহামারিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আমি কাজ করে গেছি। তিনি আরো বলেন, সবসময়ই তিনি বিজ্ঞানের সর্বশেষ তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে রাজনৈতিক প্ররোচনা বা প্রভাব ছিল না।
তবে অ্যাটলাস যাই বলুক না কেন, এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ২২ হাজার ২৪৭। অপরদিকে মারা গেছে ২ লাখ ৬৭ হাজার ৮৪৪ জন।