টুইটারে ভুয়া ছবি পোস্ট করা নিয়ে চীন-অস্ট্রেলিয়া উত্তেজনা আরো প্রকট হলো। ঐ ছবির জন্য অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে উলটা দেশটির কড়া সমালোচনা করেছে চীন। বেইজিং বলেছে, আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের যুদ্ধাপরাধ থেকে ‘মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার’ চেষ্টা চালাচ্ছে অস্ট্রেলিয়া। বেইজিংয়ের এই অবস্থানের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি চীনের সরকারি মুখপাত্রের টুইটার অ্যাকাউন্টে অস্ট্রেলীয় এক সেনার আফগান শিশু হত্যার ভুয়া ছবি পোস্ট করায় বেইজিংকে ক্ষমা চাইতে বলেছিল অস্ট্রেলিয়া। ছবিটিকে ‘অবমাননাকর’ বলে নিন্দা করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। চীন এবং অস্ট্রেলিয়ার মধ্যে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার মধ্যে সোমবার এ ছবি পোস্টের ঘটনা ঘটে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার চীনা দূতাবাস ঐ ঘটনার জন্য ক্ষমা না চেয়ে পালটা আক্রমণ করে এক বিবৃতিতে বলে, ‘এ অভিযোগের পেছনে উদ্দেশ্য দুটি। এক, অস্ট্রেলিয়ার কিছু সেনার ভয়াবহ নৃশংস কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া। আর দ্বিতীয়ত, দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতির জন্য চীনকে দায়ী করা। তাছাড়া দেশের ভেতর জাতীয়তাবাদ উসকে দেওয়ার চেষ্টাও হতে পারে এটি।’ —ববিসি