সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু চাকমার বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনে জড়িত নির্বাহী ম্যাজেস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে স্ত্রীকে মারধর, যৌতুক দাবিসহ হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তার স্ত্রী  চন্দ্রিকা চাকমা। খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তাদের ছয় বছর বয়সি কন্যা তোপজ্যোতি চাকমা উপস্থিত ছিল।

স্বামী রিন্টু বিকাশ চাকমার হাতে নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে চন্দ্রিকা চাকমা জানান, ২০১৩ সালের ১৩ মার্চ প্রেমের সম্পর্কের সূত্রে তাদের বিয়ে হয়। রিন্টু বিকাশ চাকমা খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলীপাড়া গ্রামের অক্ষয়মণি চাকমার ছেলে। বিয়ের পর নানা অজুহাতে যৌতুক দাবি করেন রিন্টু চাকমা। মৃত বাবার সম্পত্তি বিক্রি করে তার হাতে তুলে দেওয়ার জন্য শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারারও চেষ্টা করেন। চন্দ্রিকা চাকমা প্রশ্ন তোলেন, নিজের স্ত্রী-সন্তানের    যে ন্যূনতম ন্যায়বিচার করতে পারেন না, তিনি কীভাবে দেশের মানুষের ন্যায়বিচার করবেন।

সংবাদ সম্মেলনে চন্দ্রিকা চাকমা সুষ্ঠু বিচার, নিজের ও সন্তানের শতভাগ নিরাপত্তা ও স্ত্রীর পূর্ণ মর্যাদা পেতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

চন্দ্রিকা চাকমা গত ১৫ অক্টোবর খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, রিন্টু বিকাশ চাকমা ২০১৭ সালে ৩৫তম বিসিএসে (প্রশাসন) উত্তীর্ণ হয়ে কুড়িগ্রামে কর্মরত থাকাকালে সাংবাদিক নির্যাতন করেন। এ ঘটনায় তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত রয়েছেন।