ভোলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদি বরিশাল কেন্দ্রীয় কারাগারে মারা গেছে। দণ্ডঘোষিত হওয়ার ১৫ দিনের ব্যবধানে সোমবার রাত ৮টায় শের-ই-বাংলা মেডিক্যালের প্রিজন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় বৃদ্ধ কাঞ্চন পাটোয়ারীর (৮১) মৃত্যু হয়। কাঞ্চন পাটোয়ারী ভোলার চর ফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর গ্রামের বাসিন্দা ছিলেন। শশীভূষণ থানার চর মানিকা এলাকায় ব্যবসায়ী রশিদ হত্যা মামলায় গত ১৫ নভেম্বর ভোলা জেলা ও দায়রা জজ আদালত কাঞ্চন পাটোয়ারীসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
এদিকে ভোলার আরেকটি হত্যা মামলার হাজতি আসামি নূর মোহাম্মদ গোমস্তা (৯৫) সোমবার সকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। সম্প্রতি ভোলা কারাগারের ঐ হাজতিকে চিকিত্সার জন্য বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল বলে নিশ্চিত করেছেন জেল সুপার প্রশান্ত কুমার বণিক।