প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে চাকরি প্রত্যাশীদের মানববন্ধন

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে চাকরি প্রত্যাশীদের অনতিবিলম্বে মৌখিক পরীক্ষার ফল প্রকাশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন করেছে ভুক্তভোগী পরীক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আগত শতাধিক চাকরিপ্রত্যাশী। অনতিবিলম্বে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।

চাকরিপ্রত্যাশী জালাল আহমেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সাইফুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের চারটি পদের পরীক্ষায় অংশ নিয়ে গত ১৪ মার্চ ৬১০ জন ভাইভা পরীক্ষা দিয়েছেন। ভাইভার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও নিয়োগের পরবর্তী কার্যক্রম শুরু হয়নি। এদিকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও প্রার্থীদের চাকরির বয়সসীমা শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রার্থীরা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই বয়স বিবেচনায় মানবিক কারণে আগামী বিজয় দিবসের পূর্বে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগ চূড়ান্ত করার জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয়।