করোনা আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক হাসনা বেগম ও ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক রতন লাল চক্রবর্ত্তী মারা গেছেন। রতন লাল চক্রবর্ত্তী গত সোমবার দিবাগত রাতে ও হাসনা বেগম গতকাল সকালে মারা যান। অধ্যাপক রতন লাল চক্রবর্ত্তীর বয়স হয়েছিল ৭১ বছর। অন্যদিকে হাসনা বেগমের বয়স হয়েছিল ৮৬ বছর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও শিক্ষকদের পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্য বলেন, অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তী ছিলেন একজন স্বনামধন্য ইতিহাসবিদ ও গবেষক। তিনি ইতিহাস বিষয়ে মৌলিক গ্রন্থসহ বহু গ্রন্থ রচনা করেছেন।
এর আগে অধ্যাপক হাসনা বেগম করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন রশীদ বলেন, ফুসফুস আক্রান্তের কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তিনি বলেন, অধ্যাপক হাসনা বেগম ছিলেন বাংলাদেশে দর্শন পরিবারের একজন প্রথিতযশা পণ্ডিত।