শিল্পকলায় চলছে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

মা হ বু ব  আ ল ম

 

রাজধানীর জাতীয় চিত্রশালায় ও ভাস্কর্য গ্যালারিতে শুরু হয়েছে মাসব্যাপী ‘২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২০’ বিশেষ কিউরেটোরিয়াল প্রকল্প। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ১২টি শিল্প শিক্ষা-প্রতিষ্ঠান থেকে কিউরেটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের চারুকর্ম প্রদর্শনের এক বিরল ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রদর্শনীতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ কালচারাল ও সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা অনুষদ ‘সৃষ্টির সিঁড়ি’ শিরোনামে মাসব্যাপী এ শিল্পকর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ৩০ নভেম্বর বিকেল ৪টায় জাতীয় চিত্রশালায় এ অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে সরাসরি অনলাইনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং বরেণ্য চিত্রশিল্পী শহিদ কবীর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। প্রদর্শনীতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড পেইন্টিং বিভাগ, চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ সহ সিনিয়র কর্মকর্তা ও কিউরেটর দেওয়ান মিজান সহ  একাধিক শিল্পী অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চৌকষ শিল্পীবৃন্দ গুহামানবদের টিকে থাকার নিদারুণ আকাঙক্ষাগুলোই যে বিবিধ নকশার পৃথিবী তৈরি করেছে—সেই বাস্তব দৃশ্যই চমত্কার পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরেছে প্রদর্শিত গ্যালারি প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকবৃন্দ অত্যন্ত মুগ্ধতায় এই পারফরমেন্সে উপভোগ করেন।