কুবি সংবাদদাতা
করোনা ভাইরাস মহামারির কারণে আটকে থাকা স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন। বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, বাংলাদেশে হাটবাজার থেকে শুরু করে সবকিছু খোলা এমনকি নিয়োগ পরীক্ষাও হচ্ছে। তাহলে আমাদের স্নাতকের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে কেন গড়িমসি। ২৫ নভেম্বর আমাদের যে আন্দোলন হয়েছিল তখন বলা হয়েছিল, ইউজিসিকে বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিষয়ে চিঠি দেবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি পাঠিয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই। অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী মুঠোফোনে শিক্ষার্থীদের বলেন, ইউজিসির সঙ্গে ভর্তি পরীক্ষা নিয়ে মিটিং হয়েছিল। মিটিংয়ে স্নাতক চূড়ান্ত পরীক্ষার বিষয়ে কথাও হয়। আমরা পরীক্ষা নেওয়ার ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটিকে বলে দিয়েছি। খুব শিগিগরই পরীক্ষা নেওয়া হবে।