স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চার জনসহ ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন রয়েছেন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন প্রার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এদিকে মেয়র পদে মনোনয়নপত্র দিয়েছেন—দল মনোনীত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাসানুল হক চৌধুরী টুটুল, বিএনপির মনোনীত প্রার্থী ফিরোজ শাহ, ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন ও স্বতন্ত্র অধ্যাপক আজিজুল হক। তপশিল অনুযায়ী আজ ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১১ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।