আমরা টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের অন্তর্গত ডুবাইল গ্রামের অধিবাসী। এই গ্রামের মাঝ বরাবর দক্ষিণ দিক ঘেঁষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে একটি পাকা সড়ক মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পর্যন্ত চলে গেছে। পিটিসি রোডের মাথা (ডুবাইল গোরস্থান) থেকে ১০/১২ ফুট প্রশস্ত এক কিলোমিটার আরেকটি কাঁচা সড়ক ডুবাইল উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদ পর্যন্ত গিয়ে মিশেছে। মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে নিহত শহিদ আবদুল আজিজের নামে ১৯৭২ সালে সড়কটির নামকরণ করা হয় ‘শহীদ আবদুল আজিজ সড়ক’। সড়কটির বর্তমানে দুর্দশা শুধু লিখে বোঝানো যাবে না। স্বাধীনতার ৫০ বছর হয়ে গেলেও সড়কটি অবহেলিতই রয়ে গেল। সড়কটির গর্ত ভরাট এবং ৩/৪ ফুট উঁচু করে পাকা করা হলে এলাকাবাসীর যাতায়াত ও যানবাহন চলাচল সুগম হবে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
ইউনুস আহমেদ
ডুবাইল, জামুর্কী, দেলদুয়ার, টাঙ্গাইল