আগামী ২৮ ডিসেম্বর শ্রীপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়নে প্রতীক নিয়ে ভোটারের ভোট প্রার্থনা করছেন। কাউন্সিলর প্রার্থীরাও যার যার জায়গা থেকে প্রচারণা চালাচ্ছেন। মেয়র কাউন্সিলর প্রার্থীরা নগরবাসীকে উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন। যাঁরা মেয়র এবং কাউন্সিলর নির্বাচিত হবেন, তাঁদের কাছে পৌরবাসীও উন্নয়নের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সত্যিকারের সেবক হয়ে অগ্রাধিকারভিত্তিতে পৌরসভার উন্নয়নে যে কাজগুলো করবেন বলে পৌরবাসী প্রত্যাশা করেন—১. পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেকটির ভঙ্গুর ও খানাখন্দে ভর্তি রাস্তার সংস্কার ও নির্মাণ; ২. পরিকল্পিত নগরায়নে মাস্টার প্ল্যান অনুযায়ী যুগোপযোগী আবাসন নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন; ৩. বাসা-বাড়ির আবর্জনা এবং দৈনন্দিন ব্যবহার্য ময়লাযুক্ত পানি অপসারণে পরিকল্পিত ড্রেনেজব্যবস্থা; ৪. প্রথম শ্রেণির পৌরসভা হিসাবে বৈধ গ্যাস সংযোগ এবং আলোকস্তম্ভে আলোর ব্যবস্থা; ৫. পৌরসভার অভ্যন্তরে গড়ে ওঠা অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ; ৬. সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা; ৭. জলাবদ্ধতা নিরসনে পৌরখালগুলো পুনঃউদ্ধার এবং খনন; ৮. লবন্দ খালের দূষণ নিয়ন্ত্রণে শিল্প কারখানায় নিয়মিত ইটিপি চালুর জন্য মনিটরিং; ৯. পৌর বিনোদন পার্ক ও খেলার মাঠ;
সর্বোপরি শ্রীপুর পৌরসভা হবে জবাবদিহিমূলক, সুপরিকল্পিত আধুনিক এবং মানবিক পৌরসভা।
কামরুজ্জামান, শ্রীপুর, গাজীপুর