ঢাকাবাসীকে জলাবদ্ধতা মুক্ত করতে কাজ শুরু হয়েছে :তাপস

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘দীর্ঘ ৩২ বছর পর আমরা ঢাকা শহরের সব খাল-জলাশয়ের দায়িত্ব নিয়েছি। এটি একটি বিশাল কর্মযজ্ঞ। ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে এটি আমাদের ওপর এখন গুরুদায়িত্ব। সে লক্ষ্যে আমরা গতকাল থেকেই আমাদের কার্যক্রম আরম্ভ করেছি।’ গতকাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০২০ ও ২০২১-২৩ মেয়াদে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ১১টি খাল পুনরুদ্ধার, বর্জ্য দ্বারা যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো পরিষ্কার করাসহ আমরা সেখানে নান্দনিক এবং বিনোদনমূলক পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি।’

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে মধুমতি ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ১২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।