সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক রুদ্রবার্তার সাংবাদিক হুমায়ুন কবিরের পরিবারের ওপর হামলা করেছে প্রতিপক্ষ। গতকাল সকালে এ ঘটনা ঘটে। এতে নারীসহ সাত জন আহত হয়েছেন। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুট করেছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হুমায়ুন কবিরের বড় ভাই মো. মনির হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, হযরত আলী ওরফে হযরত ডাকাতের পরিবারের সঙ্গে হুমায়ুন কবিরের পরিবারের দীর্ঘদিন ধরে শত্রুতা চলছে। এর জের ধরে হযরত আলীর নেতৃত্বে হামলা চালানো হয়। সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।