গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দুর্বৃৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। গতকাল ভোরে চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-গাজীপুর সড়কের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত যুবকের নাম মামুন মিয়া। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মৃগালী গ্রামের আতাউর রহমানের ছেলে। মামুন ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন। বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্ত্রীর বরাত দিয়ে ওসি জানান, মামুন প্রতিদিন বিকালে বাসা থেকে বের হয়ে পর দিন সকালে ফিরে সারাদিন ঘুমাতেন। তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।