বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের নীল দল। বিবৃতিতে বলা হয়, ভাস্কর্য অত্যন্ত প্রাচীন শিল্পরীতি যা সভ্যতার প্রাথমিক যুগ থেকে চর্চিত হয়ে আসছে। বাংলাদেশেও মহান স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বহু ভাস্কর্য ও ম্যুরাল নির্মিত হয়েছে। চলমান ও প্রতিষ্ঠিত একটি শিল্পরীতিকে মূর্তির সঙ্গে তুলনা করে এদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার পেছনে যে ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর হীন স্বার্থ নিহিত রয়েছে তা অনুমেয়। গতকাল নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. মো. আব্দুস ছামাদ স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে নীল দলের এক সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় ভাস্কর্যের বিরোধিতার নামে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে বলে মত প্রকাশ করেছেন শিক্ষকরা।