অক্সফোর্ড ইউনিয়নের বিতর্ক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশের অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ। অনিবার্য কারণে ঐ অনুষ্ঠান স্থগিত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। খবর আনন্দবাজার পত্রিকার
পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, অক্সফোর্ড কর্তৃপক্ষ বুধবার শেষ মুহূর্তে ঐ অনুষ্ঠান স্থগিত রাখা এবং নতুন করে সময়সূচি তৈরির আবেদন জানায় তাদের। অনিবার্য কারণের কথা বলে টেলিফোনে ঐ আবেদন জানান অক্সফোর্ডের উদ্যোক্তারা। তাই বুধবারের অনুষ্ঠান বাতিল হয়েছে। বিশ্বের প্রথম সারির ডিবেটিং সোসাইটি হিসেবে পরিচিত অক্সফোর্ড ইউনিয়ন। মার্গারেট থ্যাচার, থেরেসা মের পর তৃতীয় নারী রাজনীতিক হিসেবে বক্তব্য পেশ করার কথা ছিল মমতার।