মুজিববর্ষ উপলক্ষ্যে কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক সাতক্ষীরা জেলার অন্তর্গত সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় প্রান্তিক জেলেদের মধ্যে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেছেন।
কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া শাখার লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ডের এক্তিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে, মত্স্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক জেলেসহ অসহায় ও দুস্থদের মধ্যে সাহায্য সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বুধবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় জেলেদের মধ্যে কম্বল, রেডিও, টর্চ লাইট, লাইফ জ্যাকেট, লাইফবয় ও রেইনকোট বিতরণ করা হয়। ঐ এলাকায় সুপেয় পানির ব্যবস্থার জন্য নলকূপ স্থাপন করে দেয় কোস্ট গার্ড। এ সময় অনুষ্ঠানে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।