পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের যাওয়া বন্ধে সরকারকে বাধ্য করতে নতুন একটি আইন করেছে ইরান। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই অনুমোদন দেওয়া হয়। এমনকি এক মাসের মধ্যে পরমাণু কর্মসূচি ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ২০১৫ সালে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল তা অতিক্রমের কথাও বলা হয়েছে এই আইনে। নতুন আইনে ইরান সরকারকে পরমাণু সমৃদ্ধকরণ ২০ শতাংশ বৃদ্ধি এবং নাতাঞ্জ ও ফরদো পারমাণবিক কেন্দ্রে সেন্ট্রিফিউজ স্থাপনে চাপ দেওয়া হয়েছে। এছাড়া নতুন আইনে পরমাণু চুক্তির ইউরোপীয় পক্ষগুলোকে ইরানের তেল ও আর্থিক খাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি অবশ্য এই আইনের সমালোচনা করে বলেছেন, এটি কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। -রয়টার্স