আগামী বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ভারত সফরে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। সূত্রের দাবি, গত ২৭ নভেম্বর টেলিফোনে কথোপকথনের সময় বরিস জনসনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জনসনের পক্ষে আগামী বছর ব্রিটেনে বসতে চলা জি-৭ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণও পেয়েছেন নরেন্দ্র মোদি। যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে মুখ খোলেনি ভারত সরকার। এর আগে ১৯৯৩ সালে শেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন মেজর। প্রায় তিন দশক পর এই এবার ঐ অনুষ্ঠানের প্রধান অতিথি হতে যাচ্ছেন আরো এক ব্রিটিশ প্রধানমন্ত্রী। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ব্রেক্সিট এবং আমেরিকায় রাজনৈতিক পট পরিবর্তনের আবহে ব্রিটেনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো শক্তপোক্ত করতে চাইছেন প্রধানমন্ত্রী মোদি। -আনন্দবাজার পত্রিকা