সৈয়দপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নীলফামারীর সৈয়দপুর শহরে মাদকাসক্ত বরখাস্ত রেলওয়ে কর্মচারী বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে শহরের শেরে বাংলা স্কুল সংলগ্ন বাঁশবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার্টার্ড একাউন্টেন্ট বিষয়ের ছাত্র ইমরান হোসেন খন্দকার (২৮) সকালে সৈয়দপুরে আসেন। এর কিছুক্ষণ পর নিজেদের বাঁশবাড়ি মহল্লার বাড়িতে বড় ভাইয়ের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। তার বড় ভাই সৈয়দপুর রেলওয়ে কারখানার একজন বরখাস্ত কর্মচারী জাকির হোসেন খন্দকার (৩২)। এক পর্যায়ে বড় ভাই ধারালো চাকু দিয়ে ছোট ভাইয়ের বুকে আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন ছোট ভাই। এলাকাবাসী দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে পথেই মারা যান ইমরান। এদিকে ঘটনার পর পরই বড় ভাই জাকির হোসেন খন্দকার এলাকা ছেড়ে পালিয়ে যান। 

আরো পড়ুন: ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গারা

নিহতের বাবা কে এস এম আরিফ বলেন, ভাই ভাইকে খুন করেছে। আমার আর কিছু থাকলো না। 

ঘটনাস্থল পরিদর্শন করেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। আসামি পলাতক রয়েছে তাকে ধরার চেষ্টা চলছে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় একটি খুনের মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফক/এএএম