জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামে স্বামীর নির্যাতনে বুধবার রাতে সুবর্ণা সরকার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে স্বামী হৃদয় সরকারকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সুবর্ণা সরকার সদর উপজেলার বেড়ইল গ্রামে হৃদয় সরকারের স্ত্রী। হৃদয় সরকার দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই সে তার স্ত্রী সুবর্ণা সরকারকে মারধর করতো। বুধবার রাতে ৯ মাসের শিশু কন্যা ও স্ত্রী সুবর্ণাকে নিয়ে হৃদয় সরকার নিজ কক্ষে শুয়ে পড়ে। পরে কলহের জের ধরে রাতের কোন এক সময় নির্যাতনের পর হৃদয় তার স্ত্রীকে শ্বাসরোধ হত্যা করে।
আরো পড়ুন: সৈয়দপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এএএম