ঈশপের গল্প

এক সিংহ একটা খরগোশ ধরে খেতে যাবে এমন সময় দেখে পাশ দিয়েই একটা হরিণ যাচ্ছে। সিংহ খরগোশটা ফেলে ছুটল হরিণের পিছনে। এই সুযোগে খরগোশ সেখান থেকে দে ছুট। এদিকে সিংহ হরিণের পিছনে ছুটেও তাকে ধরতে না পেরে ভাবল—যাকগে, খরগোশটাকেই না হয় খাওয়া যাক—এই ভেবে ফিরে এসে যখন দেখল যে খরগোশটাও পালিয়েছে; তখন সে মনে মনে বলল, ঠিক শিক্ষা হলো আমার—মুখের গ্রাস ফেলে যেমন আমি বেশির আশায় ছুটেছিলাম।

মূল কথা: যা পাওয়া গেছে তাতে সন্তুষ্ট না থেকে লোকে যখন আরো বেশি পাওয়ার আশায় ছোটে, তখন অনেক সময় তাদের হাতে আসা জিনিসও হারাতে হয়।