দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণে ‘বড় বিনিয়োগ পেয়েও বড় ছাঁটাইয়ে যাচ্ছে সহজ’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ডিজিটাল সার্ভিস কোম্পানি ‘সহজ’। প্রতিষ্ঠানটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মাকসুদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ লিপিতে বলা হয়-
৩ ডিসেম্বর ২০২০ দৈনিক ইত্তেফাকের অনলাইনের বিজ্ঞান ও টেক শাখায় ‘বড় বিনিয়োগ পেয়েও বড় ছাঁটাইয়ে যাচ্ছে সহজ’ শিরোনামের সংবাদটি আমাদের নজরে এসেছে। সংবাদটিতে ‘অর্থনৈতিক চাপে পড়ার অজুহাতে কর্মী ছাঁটাইয়ের মতো সহজ পথে হাঁটতে শুরু করেছে দেশের অন্যতম প্রধান ডিজিটাল সার্ভিস কোম্পানি ‘সহজ’ শিরোনামে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
সহজ দেশের শীর্ষস্থানীয় স্টার্ট-আপ হিসাবে সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। শুধু তাই নয়, বাস টিকেট ডিজিটাইজেশনের মাধ্যমে সমৃদ্ধ ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার পথে বাংলাদেশকে একধাপ এগিয়ে নিয়েছে সহজ। এরপর একে একে রাইড-ফুড-ট্রাক-হেলথ সার্ভিসের মাধ্যমে দেশের মানুষকে আরো উন্নত সেবা যেমন দিচ্ছে সহজ, তেমনি শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করছে, যার ফলে দেশের পাশাপাশি বিদেশ থেকেও সহজের কার্যক্রম প্রশংসিত হয়েছে।
প্রকাশিত সংবাদের বিভিন্ন অংশে রাইড শেয়ারিং নিয়ে বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সহজের সুনাম ক্ষুণ্ণ করেছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই রাইডার ও ব্যবহারকারীদের যথাযথ সুবিধা ও মানসম্পন্ন উন্নত সেবা প্রদানই আমাদের লক্ষ্য। আর তাদের নিরাপত্তার জন্য সরকারের সাথেও সবসময় বিভিন্ন নীতিমালা নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, নিরাপদ সড়কের জন্য একসাথে কাজ করা হয়েছে, তেমনি সহজ থেকে রাইডারদের ট্রেনিং, চোখ পরীক্ষা, তাদের ও গ্রাহকদের জন্য ফুলফেস হেলমেট প্রদান করা হয়েছে এবং সামনেও হবে।
‘সহজ রাইডারদের কমিশন দেয় না’ বলে যে উদ্ধৃতি দেয়া হয়েছে সেটিও সঠিক নয় এবং যে সোশ্যাল মিডিয়া গ্রুপের পোস্টের কথা বলা হয়েছে সেটি ২০১৮ সালের এবং সেটিও ভুল। সহজ ফ্রড চেকিং করে রাইডারদের ন্যায্য কমিশন ও স্পেশাল বোনাস প্রদান করে। এক্ষেত্রে কোন কমিশন প্রদান করা হয়নি বলে কোন অভিযোগ থাকলে- উক্ত ট্রিপ নাম্বার কিংবা রাইডারের মোবাইল নাম্বার আমাদের সাথে শেয়ার করে এটার সত্যতা সম্পর্কে জানার অনুরোধ রইলো।
সহজ-এ আমরা সবাই পরিবার, ‘সহজ পরিবার’। আর সহজ সবসময়ই তার পরিবারের সকল সদস্যদের ভালমন্দ দেখার চেষ্টা করে। কোভিড-১৯ এর সময়ে দেশে যখন লকডাউন শুরুও হয়নি- তখন থেকেই সহজ পরিবারের সদস্যদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা হোম অফিসের ব্যবস্থা চালু করে। শুধু তাই নয় পুনরায় অফিস চালু হলে সবার সুরক্ষা নিশ্চিতে পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাস্থ্যকর অফিস পরিবেশ নিশ্চিতের দিকেও লক্ষ্য রেখেছে সহজ। এছাড়া আমাদের প্রতিটি কার্যক্রমর ক্ষেত্রেই সর্বোচ্চ মানসম্পন্ন গ্রাহক সেবা নিশ্চিতের জন্য কাজ করেছি আমরা।