দুলাল সরকার
এই পৃথিবী মানুষের তাই সত্য হলেও
ফুলের উপাদান হয়ে পাপড়ির মতো ফোটোনা কেন—
একই জল, হাওয়া ও সূর্যের আলো সবই বরাদ্দ
তবে কেন বর্ণবিভেদ এত বঞ্চিত লোকালয়?
কেন আঁধারে কীটের মতো পিষে মারবার ভয়ে
নিজেকে গুটিয়ে রাখো, সচেতন কেন নও
কেন পীড়িত ওরা মানবপ্রাচীর তুলে প্রকৃতির দান
কড়ায় গন্ডায় বুঝে তোমার শ্রমের হাত
বঞ্চনার প্রতিশোধে বদলে দেবার কাজে একত্র নও?
অথচ তোমার পবিত্র হাত যখন কাদায় জলে
একাকার হয়ে বীজতলা মাঠে ব্যস্ত
কালিঝুলি মাখা চাকায় চাকায় সক্রিয়
এগুতে পৃথিবী সব দিয়ে তাও অনাহারে থাক রিক্ত।
প্রাপ্যটা বুঝে নিতে কেন কুণ্ঠিত এত হও
স্তম্ভিত হিমালয় তোমাদের ওই হাতে নড়ে ওঠে
সভ্যতার এ চাকাটি বিজয়ের পথ ধরে
কাল থেকে কালান্তরে অনন্তযাত্রার শুরু হবে...