হেমন্তের দিনলিপি

রুম্পা রুমানা

 

ম্যাপল পাতার খামে যে প্রেম তুমি পাঠাও

তার গভীরতা হেমন্তসম;

সুপ্রিয় শীতের ভেতর হেমন্ত প্রবেশ করলে

আনমনা তোমাকে লিখবো এক ঝলমলে দুপুরের চিঠি

দল কলসের ডগায় বসা গঙ্গাফড়িং

আমগাছে সংসার সাজানো ঘুঘু দম্পতি

জীবনানন্দের হলদে পায়ের শালিকের কথা তুমি জানবে

চালতা পাতা ছুঁয়ে টুপটাপ ঝরে পড়া শিশিরের গল্প পড়তে পড়তে— 

          তোমাকে বরফ শীতল উদাসীনতা গ্রাস করবে,

          আচ্ছন্ন করবে ছাপ্পান্ন হাজার বর্গমাইল

          লাল-সবুজের এক অনিন্দ্য রূপসী মানচিত্র;

          যেখানে অন্ধকার নামছে অন্ধ হয়ে!