বরিশাল অফিস
বরিশালে আট বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা ও লাশ গুমের মামলায় আবুল কালাম আজাদ ওরফে কালুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ মার্চ পূর্ব গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সীমা আক্তার বিদ্যালয়ের টয়লেট বন্ধ থাকায় পার্শ্ববর্তী কালুর বাড়ির টয়লেটে যায়। এ সময় সে ঐ শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার পর লাশ বস্তাবন্দি করে একই এলাকার হালিম মাস্টারের বাড়ির গোরস্থানে ফেলে রাখে। ঘটনার দুই দিন পর ১৩ মার্চ গোরস্থান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে আসামির নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।