রোনালদোর কীর্তির রাতে নায়ক নেইমার জিরুও

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের জোড়া গোলে ভর করে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। দিনের অন্য ম্যাচে ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুর চার গোলে ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়াকে গোলবন্যায় ভাসিয়েছে চেলসি। আর তুরিনে ডায়নামো কিয়েভের বিপক্ষে ৭৫০তম ক্যারিয়ার গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচ শুরুর আগে গ্রুপে তৃতীয় স্থানে থাকা পিএসজিকে নিয়ে কথা উঠছিল বেশ, উঠছিল ম্যানেজার টমাস টুখেলের পদত্যাগের গুঞ্জনও। কিন্তু সব নিন্দুকের মুখে কুলুপ এঁটে দিয়ে ওল্ড ট্রাফোর্ডে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে শেষ ষোলোর দারপ্রান্তে এসে পৌঁছেছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের এই জয়ে এই গ্রুপের তিন ক্লাব, পিএসজি, ম্যানইউ, লাইপজিগ; সবার পয়েন্ট এখন ৯। অপেক্ষাকৃত খর্বশক্তির ইস্তাম্বুল বাসাকসাহিরের সঙ্গে পরবর্তী ম্যাচে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে নেইমারদের। আর গ্রুপের অন্য ম্যাচে ইস্তাম্বুল বাসাকসাহিরের বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়া লাইপজিগ গ্রুপের অঘোষিত নকআউট ম্যাচে আগামী সপ্তাহে মুখোমুখি হবে ওলে গুনার সোলসারের ইউনাইটেডের।

ডায়নামো কিয়েভের বিপক্ষে ‘জি’ গ্রুপের ম্যাচের ৫৭ মিনিটে বিপক্ষ রক্ষণ ভেদ করে ফ্রেডরিকো কিয়েসার ক্রসে পা ছুঁইয়ে ক্যারিয়ারের ৭৫০তম গোলটি করেন রোনালদো। ক্লাব পর্যায়ে স্পোর্টিং লিসবনের হয়ে ৫, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসের হয়ে ৭৫ এবং জাতীয় দলের হয়ে ১০২ বার গোলরক্ষকদের পরাস্ত করেছেন এই পর্তুগিজ কিংবদন্তি। রোনালদোর ইতিহাস গড়ার রাতে ডায়নামোকে ৩-০ গোলে পরাজিত করেছে জুভেন্তাস। এই গ্রুপের অন্য ম্যাচে ফেরেঞ্চভারোসকেও ৩-০ ব্যবধানে পরাস্ত করে বার্সেলোনা।

‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচে সেভিয়ার জালে একাই চারবার বল জড়িয়েছেন অলিভিয়ের জিরু। সেই চার গোলও ছিল আবার চার রকমের। ডান পা, বাম পা, মাথা এবং সবশেষে একটি পেনাল্টি। ৩৪ বছর বয়সে চার গোল করে চলতি শতাব্দীতে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার কীর্তিও গড়ে বসেন চেলসি ফরোয়ার্ড।