সাভারে ট্রাকভর্তি ছাগল ছিনতাই

সাভারে দুই ছাগল ব্যবসায়ীকে মারধর করে ট্রাকভর্তি ৬৫টি ছাগল নিয়ে পালিয়েছে ট্রাকের চালক, হেলপার ও তাদের সহযোগীরা। বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার অদূরে এ ঘটনা ঘটে। পরে থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. হরমুজ আলীর।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মো. হরমুজ আলী এবং তার ছোট ভাই আবু হানিফ প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৬৫টি ছাগল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-২১৩৬) ভাড়া করে ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটিতে চালক ও তার সহযোগী ছিল। পথের মধ্যে চালক আরো দুইজন অজ্ঞাত ব্যক্তিকে ট্রাকটিতে উঠায়। রাত ১১টার দিকে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর পার হলে সহযোগীসহ ট্রাকে থাকা তিন দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত পা বেঁধে ফেলে। এ সময় দুষ্কৃতিকারীরা ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল, নগদ টাকা ছিনিয়ে নিয়ে এলোপাথাড়ি মারধর করে আমিনবাজার-বলিয়ারপুরের মধ্যবর্তী স্থানে ফেলে দেয়। পরে ইউটার্ন নিয়ে ট্রাকের ৬৫টি ছাগলসহ পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরো পড়ুন: নরসিংদীতে অজ্ঞাত ২টি মৃতদেহ উদ্ধার

ট্রাক চালক ও হেলপারের যোগসাজশেই এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান ব্যবসায়ী হরমুজ আলী।

ইত্তেফাক/অনি