সাভারে যুবককে কুপিয়ে হত্যা

ইত্তেফাক রিপোর্ট

সাভারে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জামসিং মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত  মিলন  সাভার পৌর এলাকার দক্ষিণ জামসিং মহল্লার ফজলুল হকের ছেলে। মিলন একটি স্কুলের ছাত্র হলেও বর্তমানে দিন মজুরের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

ফজলুল হক বলেন, তার ছেলে একটি স্কুলের শিক্ষার্থী। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বিভিন্ন সময় বিভিন্ন কাজ করত। গত দুই দিন ধরে বাড়ির পাশে মহির নামের এক ব্যক্তির মালিকানাধীন শুকিয়ে যাওয়া একটি পুকুরের চারপাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কাজ করছিল। বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে মিলন হাতে দা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। সেখানে তার সঙ্গে জমির মালিক মহিরের ছেলে ইমনও বেড়া দিচ্ছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসী জানায়, দুপুরে পুকুরের পাশে মিলনের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এ সময় জমির মালিক মহির আলীর ছেলে ইমনকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন অনেকেই। ঘটনার পর থেকে ইমন পলাতক। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করে বিষয়টি তদন্তপূর্বক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।