মেহেন্দিগঞ্জ সংবাদদাতা
মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বদরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার শ্বশুর বাড়ির লোকজন। নিহতের স্বামী আমজাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়েছে পুলিশ। মা-মেয়ের মৃত্যু রহস্য নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত গৃহবধূর শাশুড়ি রোকেয়া বেগম জানান, সকালে ঘুম থেকে উঠে ডাকাডাকি করার পর কোনো সাড়া শব্দ না পেয়ে গৃহবধূর ঘরে গিয়ে তাদের মৃত অবস্থায় দেখতে পান। এ সময় দুই বছরের শিশু আফ্রিনের মৃতদেহ খাটের ওপর এবং গৃহবধূ সালমা বেগমের (২৫) লাশ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে শিশু ও মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।