জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান আর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল। অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য তারিক আনাম খান এ পুরস্কার পেলেন। প্রথম ছবি দিয়েই বাজিমাত করলেন ‘ন ডরাই’-খ্যাত সুনেরাহ বিনতে কামাল। ছবিটিতে অভিনয় করে তিনি পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। ‘ন ডরাই’ শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালকসহ বেশ কটি বিভাগে পুরস্কার অর্জন করেছে। এদিকে চলচ্চিত্রে অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা। গতকাল বৃহস্প?তিবার তথ্য মন্ত্রণাল?য় এক প্রজ্ঞাপ?নে বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৯ সা?লের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে। এছাড়া, যৌথভাবে সেরা সুরকারের পুরস্কার জিতে নিয়েছেন ইত্তেফাকের বিনোদন সাংবাদিক তানভীর তারেক।
২০১৯ সালের মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। তারমধ্যে সেরা ছবি হিসেবে দ্বৈতভাবে পুরস্কার ঘরে তুলেছে ‘ন ডরাই’ ও তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা। ‘ন ডরাই’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তানিম রহমান অংশু।
এবারে সেরা সংগীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক হিসেবে মৃণাল কান্তি দাস, সেরা গায়িকা হিসেবে যুগ্মভাবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী পুরস্কার পাচ্ছেন। শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে যৌথভাবে আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও প্লাবন কোরেশী, সেরা গীতিকার হিসেবে কামাল আবদুল নাসের চৌধুরী ও কবি নির্মলেন্দু গুণ পেয়েছেন পুরস্কার।
এদিকে, চমক দেখিয়েছেন চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক। তার ‘মায়া- দ্য লস্ট মাদার’ ছবিটি সর্বোচ্চ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’। তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি।
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবুর হাতে উঠবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি পুরস্কার পাচ্ছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমায় অভিনয় করার জন্য। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নারগিস আকতার ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য পুরস্কার জিতে নিয়েছেন।
অভিনয় ক্যারিয়ারে দ্বিতীয়বারের খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। তিনি ‘সাপলুডু’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন। এই অভিনেতা ২০১৭ সালের সিনেমা ‘হালদা’র জন্য একই বিভাগে পুরস্কার জিতেছিলেন।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে ‘নারী জীবন’ আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ‘যা ছিলো অন্ধকারে’। শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার পেয়েছেন হাবিবুর রহমান, সেরা চিত্র নাট্যকার মাহবুব উর রহমান, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা জাকির হোসেন রাজু, শ্রেষ্ঠ সম্পাদক জুনায়েদ আহমদ হালিম, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক যুগ্মভাবে মো. রহমত উল্লাহ বাসু ও মো. ফরিদ আহমেদ, সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার, শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা খোন্দকার সাজিয়া আফরিন, শ্রেষ্ঠ মেক-আপম্যান মো. রাজু।