জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কার পেয়েছেন তানভীর তারেক। মুক্তিযুদ্ধ-ভিত্তিক চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবিতে ‘আমার মায়ের আঁচল’ শিরোনামের একটি দেশের গানের জন্য তিনি এই পুরস্কার পেলেন। তিনি প্লাবন কোরেশীর সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘প্রত্যেক শিল্পীর জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি খুব বড় অর্জন। শিল্পী জীবনকে পূর্ণতা দেয় এই স্বীকৃতি। প্রায় দুই যুগের সংগীত জীবনে এই পুরস্কার প্রাপ্তি আমাকে কাজের প্রতি আরো নিষ্ঠাবান করে তুলবে। আগামীতে আরো ভালো কিছু করার প্রেরণা জোগাবে এই অর্জন।’
তানভীর তারেকের সুরারোপিত ৩৭টি অ্যালবাম বাজারে প্রকাশিত। একাধিক চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তার কথা ও সুরে প্রকাশিত গানের সংখ্যা ৪ শতাধিক। এর আগে তিনি শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড, ঢালিউড অ্যাওয়ার্ড, সিজেএফবি, সিঙ্গাপুর মেরিন অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, বিসিআরএ অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা পেয়েছেন।
তানভীর তারেক দৈনিক ইত্তেফাকের বিনোদন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘ ২৩ বছর ধরে সংগীতের নানা শাখায় কাজ করছেন তিনি।