টাঙ্গাইলের মির্জাপুরে হাড়িয়া গ্রামে বিয়ের প্রলোভনে প্রতারণার ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও-ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় বখাটে যুবক মঞ্জুর রহমানকে (২৬) গ্রেফতার করা হয়েছে। এর আগে ব্ল্যাকমেইলিং করে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। গতকাল বুধবার দিবাগত রাতে হাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে মির্জাপুর থানা নিশ্চিত করেছে।
গতকাল বৃহস্পতিবার প্রতারণার শিকার ঐ গৃহবধূ জানান, মঞ্জুর গ্রেফতার হলেও একটি প্রভাবশালী মহলের চাপে তিনি সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শিশুসন্তান নিয়ে তিনি এখন স্বামীর বাড়ি থেকে বিতাড়িত। এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর থানা আমলি আদালতে প্রতারক মঞ্জুর রহমানকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তিনি।