যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি মৃত্যুর রেকর্ড

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ফের সঙ্কটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বুধবার দেশটিতে একদিনের হিসেবে সবচেয়ে বেশি তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালগুলোতেও সংক্রমিত রোগীদের উপচে পড়া ভিড়। এতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ স্বাস্থ্যখাতে জড়িত থাকা সবাইকে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এদিন যুক্তরাষ্ট্রের নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৫৭ জন। এর আগে দৈনিক সর্বোচ্চ মৃত্যু ছিল প্রাদুর্ভাবের শুরুতে গত ১৫ এপ্রিলে ২ হাজার ৬০৭ জন।

এছাড়া বুধবার করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে দুই লক্ষাধিক মানুষের দেহে করোনার অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে একদিনে দুই লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হলেন।

এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৭২৮ আমেরিকানের দেহে সংক্রমণ ছড়িয়েছে মহামারি করোনা। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/টিআর