স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকায় ২ কোটি মানুষের বাস। তাদের জীবিকার জন্য অবকাঠামোর পাশাপাশি পানি, বিদ্যত্ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। নগর ব্যবস্থাপনার নিয়ম মেনেই এর বাসিন্দাদের উন্নয়ন করতে হবে, যেন সবার থাকার চাহিদাও পূরণ হয় এবং রাস্তাও সংকুচিত না হয়। গতকাল বৃহস্পতিবার শহরের দরিদ্র জনগোষ্ঠীর বসতি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দরিদ্রবান্ধব জলবায়ু ও দুর্যোগ সহনশীল নগর উন্নয়ন :সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি)। সিটি করপোরেশন ও পৌরসভাসহ সারা দেশ থেকে ২০ জন মেয়র এই সেমিনারে অংশ নেন। সেমিনারে আরো বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারসের (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন। সেমিনারটি সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের প্রফেসর এমেরিটাস ড. আইনুন নিশাত।