সিংগাইরে বলধারা বাজারে অর্পিত সম্পত্তিতে নির্মাণাধীন দোকান উচ্ছেদ

সিংগাইরে ভূমিহীনদের নামে বরাদ্দ জমিতে কারখানা, সরকারি ও খাস জমিসহ নদী দখল শিরোনামে বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলার বলধারা বাজারে অর্পিত সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা এ অভিযানের নেতৃত্ব দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা এ সময় উপস্থিত ছিলেন। এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি ইউনিয়ন ভূমি অফিসকে ম্যানেজ করে ‘ক ’ তপশিলভুক্ত বলধারা বাজারে সড়কের পাশে অর্পিত সম্পত্তি দখল করে বেশ কিছু দোকান ঘর উত্তোলন করেন। বিষয়টি নিশ্চিত করে বলধারা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী নায়েব আতিকুর রহমান বলেন, ইউএনও এবং এসিল্যান্ড  এসে ঘর ভেঙে দেওয়ার নির্দেশ দিলে যার যার ঘর তারাই ভেঙে দেন। এ ছাড়া বাকি অবৈধ ঘরগুলো ভেঙে নেওয়ার জন্য রবিবার নোটিশ দেওয়া হবে। এদিকে শুধু বলধারা বাজারেই শেষ নয়, প্রকাশিত সংবাদে ভূমি দখল সংক্রান্ত অন্য স্থানেও  এ ধরনের অভিযান আশা করে এলাকাবাসী।