সম্মিলিত ইসলামি দলসমূহের আজকের বিক্ষোভ স্থগিত

ঢাকায় পুলিশের অনুমতি না পাওয়ায় আজ শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ‘সম্মিলিত ইসলামি দলসমূহ’। ‘ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে’ গত বুধবার এই কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে সম্মিলিত ইসলামি দলসমূহের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানীতে এবং দেশের বিভিন্ন স্থানে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে যেভাবে মূর্তি স্থাপন করা হচ্ছে, তা কোনোক্রমেই একজন ইমানদার মেনে নিতে পারেন না। কতিপয় বুদ্ধিজীবীসহ কিছু কুচক্রী মহল ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

রাজধানীতে সম্মিলিত ইসলামি দলসমূহের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের অনুমতি চেয়ে ডিএমপি বরাবর লিখিত আবেদন করা হয়েছিল, কিন্তু অনুমতি পাওয়া যায়নি। পরবর্তী সময়ে কর্মসূচি পালন করা হবে।

মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামি দলসমূহের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা জাফরুল্লাহ খান, সম্মিলিত ইসলামি দলসমূহের সহসভাপতি ড. মাওলানা খলিলুর রহমান আল মাদানি, মাওলানা আহমাদ আলী কাসেমী প্রমুখ।