'মার্কিন যুক্তরাষ্ট্রকে নিঃশর্তভাবে পারমাণবিক চুক্তিতে ফিরে আসতে হবে'

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। 

ইরানি সংবাদমাধ্যম 'পার্স টুডে'র বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে ‘মধ্যপ্রাচ্য সংলাপ’-এ অংশগ্রহণ করে তিনি বলেন, ইরান যেসব বিষয়ে আলোচনা করে একবার সমঝোতায় পৌঁছেছে সেসব বিষয়ে আর কোনো আলোচনা করবে না। আমেরিকা ও ইউরোপকে পরমাণু সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে এবং কোনো পূর্বশর্ত আরোপ করার অবস্থায় আমেরিকা নেই।

তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরান সরকার সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া আইন বাস্তবায়ন করবে। ওই আইনে বলা হয়েছে, পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করলে ইরান স্বেচ্ছায় পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে।  

আরও পড়ুন: করোনা ভ্যাকসিন সরবরাহ নিয়ে 'আইবিএমে'র সতকর্তা

বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের কথিত প্রভাব রোধ করার জন্য পশ্চিমা দেশগুলো যে তোড়জোড়  করছে সে সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতার আলোচনায় আমেরিকা ও ইউরোপ এ দু’টি বিষয় অন্তর্ভুক্ত করতে চায়নি। কারণ তারা চায় না এ অঞ্চলে তাদের তৎপরতা বন্ধ হোক।

ইত্তেফাক/এএইচপি