যুক্তরাষ্ট্রকে বিনা শর্তে পরমাণু চুক্তিতে ফিরতে হবে :ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রকে বিনা শর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে ‘মধ্যপ্রাচ্য সংলাপ’-এ অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যেসব বিষয়ে আলোচনা করে এক বার সমঝোতায় পৌঁছেছে সেসব বিষয়ে আর কোনো আলোচনা করবে না। তবে ইরান এই সমঝোতার ব্যাপারে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পরমাণু সমঝোতায় তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে এবং কোনো পূর্বশর্ত আরোপ করার অবস্থায় যুক্তরাষ্ট্র নেই। জারিফ বলেন, পশ্চিমা দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরান সরকার সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া আইন বাস্তবায়ন করবে।

ঐ আইনে বলা হয়েছে, পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করলে ইরান স্বেচ্ছায় পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে।