খুলনার টপঅর্ডারে স্বস্তি ফেরালেন জাকির

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু টি-২০ কাপের শুরু থেকেই ধুঁকছিল জেমকন খুলনার টপঅর্ডার। বারবার ওপেনার বদলেও সুফল পায়নি দলটি। এমনকি অভিজ্ঞ সাকিব আল হাসানও খুলনাকে আস্থা যোগাতে পারেননি। দুই ম্যাচে ওপেনিং করেছিলেন তিনি। গতকাল খুলনা শিবিরে স্বস্তি ফিরিয়েছেন জাকির হাসান। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ওপেনিংয়ে নেমে গতকাল হাফ সেঞ্চুরি করেছেন এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান। তাতেই টুর্নামেন্টে নিজেদের দলীয় সর্বোচ্চ স্কোর (১৭৩) গড়েছে খুলনা। ৬৩ রান করে ম্যাচ সেরাও হন জাকির।

ব্যাটিংয়ে এমন পারফরম্যান্সের পর জয়ের আনন্দ সঙ্গী হয়েছে দলটির। গতকাল মিরপুর স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৪৮ রানে পরাজিত করেছে খুলনা। পাঁচ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর এটি তৃতীয় জয়। সমানসংখ্যক ম্যাচে চতুর্থ হারের মুখ দেখেছে বরিশাল।

টসে হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রানের স্কোর গড়ে খুলনা। দলীয় ১৯ রানে অভিজ্ঞ জহুরুল ইসলাম (২) তাসকিনের বলে বোল্ড হন। দ্বিতীয় উইকেটে খুলনাকে বড় রানের ভিত গড়ে দেন ইমরুল ও জাকির। তারা ৯০ রানের জুটি গড়েন। জাকির তুলে নেন হাফ সেঞ্চুরি। তাদের জুটি ভাঙে ইমরুল আউট হলে। তিনি ৩৭ রান করেন। ইনিংসের ১৬তম ওভারে জাকির তাসকিনের শিকার হন। ৪২ বলে ১০টি চারে ৬৩ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মিডল অর্ডারে ফিরেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। ১৪ রান করে আউট হয়েছেন। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৪ রান করেন। বরিশালের কামরুল ইসলাম রাব্বি ৩টি, তাসকিন ২টি করে উইকেট পান।

রান তাড়া করতে নামা বরিশালকে ভালো শুরু এনে দিয়েছিল তামিম-পারভেজ ইমনের ৫৭ রানের জুটি। শুভাগত হোমের বলে ইমন (১৯) বোল্ড হলে ভাঙে সেই জুটি। অষ্টম ওভারে অধিনায়ক তামিমও একই অফস্পিনারের শিকার হন। ২১ বলে ৩২ রান করেন তিনি। তিনে নামা আফিফ (৩) রানআউট হন। তখনই কার্যত ম্যাচে পিছিয়ে পড়ে বরিশাল। তারপর তৌহিদ হূদয় ৩৩, ইরফান শুক্কুর ১৬, অঙ্কন ১০ রান করলেও তা বরিশালের হার ঠেকাতে যথেষ্ট ছিল না। এক বল বাকি থাকতে ১২৫ রানে অলআউট হয় দলটি। খুলনার হাসান মাহমুদ, শুভাগত, শহীদুল ২টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা :২০ ওভারে ১৭৩/৬

বরিশাল :১৯.৫ ওভারে ১২৫

ফল :খুলনা ৪৮ রানে জয়ী

ম্যাচ সেরা :জাকির হাসান (খুলনা)