দুবাই যাচ্ছেন মুমিনুল

স্পোর্টস রিপোর্টার

গত ২৮ নভেম্বর ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন মুমিনুল হক। এই চোটের ধাক্কায় বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকেই ছিটকে পড়েছেন মুমিনুল হক। স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে, তার আঙুলের হাড়ে চিড় ধরেছে। বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছিল, চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে।

বৃহস্পতিবার রাতে মুমিনুল জানিয়েছেন, আঙুলের অস্ত্রোপচার হবে দেশের বাইরে। করোনাকাল, কোয়ারেন্টাইনের নিয়ম থাকায় দুবাই যাচ্ছেন তিনি। ভিসার জন্য আবেদন করেছেন। ভিসা পাওয়া মাত্রই উড়াল দিবেন মুমিনুল। আগামী ৮ ডিসেম্বর অস্ত্রোপচার হবে তার আঙুলে।

গতকাল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী। গতকাল এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ইতিমধ্যে সে ভিসার জন্য আবেদন করেছে। সবকিছু ঠিক থাকলে ৮ ডিসেম্বর অস্ত্রোপচার হবে তার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ফিট মুমিনুলকে পেতেই তাকে বিদেশে পাঠানো হচ্ছে।’

সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি টেস্ট খেলার কথা রয়েছে ক্যারিবিয়ানদের। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা বাংলাদেশ দলের। হোম সিরিজের আগেই টেস্ট অধিনায়ক মুমিনুলকে ফিট পেতে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে বিসিবি।