১৬ চিকিত্সকের পদ শূন্য

পাবনা জেনারেল হাসপাতাল

পাবনা প্রতিনিধি

পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কাম পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক চিকিত্সক নেই। ৫৮ জন চিকিত্সকের পদ থাকলেও ১৬টি পদ শূন্য রয়েছে। তাছাড়া অন্যান্য পদে লোকবলের সংকটে চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পাবনা জেনারেল হাসপাতাল কাম পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঞ্জুরিকৃত পদের সংখ্যা ৩২৮। ১৬টি চিকিত্সকের শূন্য পদের মধ্যে চারটি সিনিয়র কনসালটেন্ট ও চারটি জুনিয়র কনসালটেন্টসহ আবাসিক ফিজিশিয়ান, আবাসিক মেডিক্যাল অফিসার, প্যাথলজিষ্ট, মেডিক্যাল অফিসার, অ্যানেসথেটিস্ট, মেডিক্যাল অফিসার (শিশু), মেডিক্যাল অফিসার (প্রবেশ পদ) ও ডেন্টাল সার্জন পদ শূন্য রয়েছে। এসব পদ দীর্ঘদিন শূন্য থাকায় রোগীদের যথাযথ সেবা প্রদান ব্যাহত  হচ্ছে। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদ শূন্য আছে ২৩টি। এর মধ্যে চারটি স্টাফ নার্স, পরিসংখ্যানবিদ, এমএলএসএস ও সুইপার পদ খালি থকায় দাপ্তরিক কাজে বিঘ্ন হচ্ছে। ফলে বিদ্যমান বিভিন্ন পদের কর্মচারীদের দিয়ে ঐ সব শূন্য পদের কাজ চালানো হচ্ছে। কর্মচারীর সংকটের কারণে এক জনের কাজ আরেক জনকে দিয়ে করানো হচ্ছে। এতে করে সমস্যা হচ্ছে নিম্নস্তরের কর্মচারীদের। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (এডি) মো. আইয়ুব হোসেন গতকাল সোমবার বলেন, ‘৫৮ জন চিকিত্সকের পদ থাকলেও ১৬টি পদ খালি রয়েছে। হাসপাতালে বিভিন্ন বিভাগে সিনিয়র কনসালটেন্ট প্রয়োজন। বিশেষ করে হাসপাতালে চর্ম ও যৌন রোগ চিকিত্সক নেই দীর্ঘদিন ধরে। পাবনা মেডিক্যাল কলেজের ডাক্তারদের সহযোগিতায় জেনারেল হাসপাতালের ডাক্তারদের মাধ্যমে রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। তবে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত পাবনা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারদের পাবনা জেনারেল হাসপাতালে আসতে হয়। আবার মেডিক্যাল কলেজে হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত সেখান থেকে জেনারেল হাসপাতালে আসাটাও বেশ ব্যয়বহুল। এসব সমাধানের  চেষ্টা করা হচ্ছে।’