মশার উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরদীবাসী

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে মশার উপদ্রব এখন চরমে। দিনে-রাত সমানতালে চলছে মশার উপদ্রব। প্রচলিত ব্যবস্থায় ধোঁয়া বা মশার কয়েল জ্বালিয়ে কোনোভাবেই এর প্রতিরোধ করা যাচ্ছে না। বর্ষার শুরুর দিকে পৌর এলাকায় মশা নিধনের জন্য স্প্রে করা হয়েছিল। পরে নতুন করে আর স্প্রে করা হয়নি। ফলে দিন দিন বাড়ছে মশার প্রকোপ। ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু জানান, ডেঙ্গুর বিষয়টি মাথায় রেখে বর্ষা মৌসুমের আগে মশা নিধনের স্প্রে করা হয়েছিল। এত দিন মশার উপদ্রব ছিল না। সাধারণত শীত মৌসুমের আগে কখনো মশার উপদ্রব দেখা যায়নি। এবারেই পরিস্থিতি ভিন্ন।