চোখে পড়ছে দুই প্রার্থীর প্রচারণা

উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন

চৌমুহনী (নেয়াখালী) সংবাদদাতা

বেগমগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে চার জন প্রার্থী থাকলেও মূলত আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যেই জমজমাট প্রচারণা চলছে। গত ২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা হূদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়। নির্বাচনের প্রার্থীরা হলেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশার স্ত্রী শাহনাজ বেগম আওয়ামী লীগ (নৌকা), জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজীম সুমন (ধানের শীষ), জাসদের মফিজুর রহমান (মশাল) এবং স্বতন্ত্র যোবায়ের হোসেন (আনারস)। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মাইকিং চলছে সমানতালে। তবে  আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর প্রচারণাই চলছে জোরেশোরে। মূলত এই দুই প্রার্থীর মধ্যেই লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ,  দেশের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন ভাতা প্রদানসহ নানামুখী জনকল্যাণ কাজের জন্যই মানুষ তাকে জয়ী করবে। বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজীম সুমন জানান, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।