টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ইউপি সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে দুই দফায় উপজেলার বর্নি ইউনিয়নের বাশুরিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৃত্তিকা বাটি ও বাশুড়িয়া গ্রামের মধ্যে বাশুড়িয়া বাজারে দুই গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নাজমুল হোসেন থামাতে গেলে তার পিঠে কোপ লেগে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দিয়ে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। ঐ ঘটনার জের ধরে শুক্রবার সকালে আবারও দুই গ্রামের মধ্যে বাসুরিয়া বাজারে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় কেউ মামলা করেনি।