আমাজনে নারকেল মালার দাম ১৫০০ টাকা!

 পানি, শাঁস, ছোবড়া-সহ একটা আস্ত নারকেলের দাম ২৫ থেকে ৪০ টাকা। চাহিদা বাড়লে কখনও ৫০ টাকাতেও কিনতে হয়। কিন্তু শাঁস, ছোবড়া-বিহীন অর্ধেক নারকেলের মালা বিক্রি হতে শুনেছেন? তাও আবার ১৫০০ টাকায়! আঁতকে উঠলেও ভারতে এই দামেই নারকেলের অর্ধেক মালা বিক্রি করছে আন্তর্জাতিক ই-কমার্স সাইট আমাজন ডটকম। খবর জিনিউজের।

আমাজনে গিয়ে দেখা যায়, ভারতীয় ১২৯০ রুপি থেকে ১৩৬৫ রুপি পর্যন্ত দামে অর্ধেক নারকেলের খোলা বিক্রি হচ্ছে। বাংলাদেশি টাকায় যা ১৫০০ টাকার বেশি। এ খবর প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে মন্তব্য করেন খবর শুনে বেহুঁশ হওয়ার অবস্থা তাদের।

এক ভারতীয় ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘৩৫টাকায় দু’টো নারকেলের মালা পাই। তার সঙ্গে ফ্রি পানি ছোবরা। আর আমাজনে এক মালাই ১৩০০ টাকা।’ আরেকজন বলেন, ‘যদি ওই টাকায় বিক্রি হয়, তা হলে ভারতের কেরালার মানুষ বড়লোক হয়ে যাবে।’

এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী পরামর্শ দেন নারকেলের মালা বিক্রি করে কোটিপতি হওয়ার। এমন অনেক মুখরোচক ট্রলে মেতে উঠেন তারা।

কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে আমাজন কর্তৃপক্ষের চোখ এড়িয়ে অবাধে বিক্রি হচ্ছে এমন ‘পন্য’? আমাজনের উদাসীনতাকেই ইঙ্গিত করছেন তাঁরা। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি এখনও।

এর আগেও এমন ঘটনা ঘটেছিলো আমাজনে। সেবার প্রতিষ্ঠানটিকে ঘুঁড়ি বিক্রি করতে দেখা যায় হাজার টাকায়।  

ইত্তেফাক/টিএস