বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করলে আইনানুগ ব্যবস্থা —মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং মূর্তি সম্পূর্ণরূপে আলাদা বিষয়। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। গতকাল শুক্রবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরইএ) দুই দিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের আদর্শিক, চেতনার, বিশ্বাসের ও গবেষণার বিমূর্ত প্রতীক। বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে আমরা অনুপ্রাণিত হই, উত্সাহিত হই, তার আদর্শকে ধারণের কথা ভাবি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিরোধ, সমালোচনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা মুক্তিযোদ্ধের চেতনা ও বাংলাদেশের অস্তিত্বকে বিতর্কিত করতে চায়। এর আগে কর্মশালায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে প্রাণিসম্পদ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে প্রাণিসম্পদ খাত একটি অন্যতম স্তম্ভ হিসেবে ক্রিয়াশীল। এখানে মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করে গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে।