রূপগঞ্জে পরিবেশ দূষণকারী কয়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার বীর প্রতীক গাজী সেতুর পাদদেশের পরিবেশ দূষণকারী কয়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বাদ জুমা বিভিন্ন মসজিদের মুসল্লিসহ এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন পূর্ব সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম হারেজ। বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ বরকত উল্লাহ, উপজেলা যুবলীগের সদস্য ইমদাদুল হক পাভেল, যুবলীগ নেতা সোহেল মিয়া, ফারুক হোসেন, লিটন মিয়া, ইসমাইল মিয়া, কামাল হোসেন, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের বিনা অনুমতিতে মেসার্স উত্তরা ট্রেডার্স জনবসতি এলাকায় পরিবেশ দূষণকারী কয়লার স্তূপ করে অবাধে ব্যবসা চালিয়ে আসছে। তা থেকে পরিবেশ দূষণকারী ধূলিকণা আশপাশের মসজিদ-মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরবাড়িতে ছড়িয়ে পড়ছে। নষ্ট হচ্ছে পরিবেশ, গাছের ফল ফসল। শ্বাসকষ্ট, কাশি ও হাপানিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। কয়লার স্তূপ অপসারণে আন্দোলন করতে গিয়ে অনেকেই মিথ্যা মামলার আসামি হয়েছেন। সে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বক্তারা।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ বলেন, পরিবেশ দূষণ করায় উত্তরা ট্রেডার্সকে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি।