টানা পাঁচ দিন ২ হাজারের বেশি করে শনাক্ত

দেশে টানা পাঁচ দিন ধরে ২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবারও ২ হাজার ২৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ৩০ নভেম্বর এই সংখ্যা ছিল ২ হাজার ৫২৫ জন, ১ ডিসেম্বর ২ হাজার ২৯৩ জন, ২ ডিসেম্বর ২ হাজার ১৯৮ জন আর ৩ ডিসেম্বর শনাক্ত হন ২ হাজার ৩১৬ জন।

গতকালও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৭৭২ জনে দাঁড়াল। গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার                 ২৫২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জন হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন ২ হাজার ৫৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৪১১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২০ জন পুরুষ আর নারী ৪ জন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৬ হাজার ৭৭২ জনের মধ্যে ৫ হাজার ১৮৪ জনই পুরুষ এবং ১ হাজার ৫৮৮ জন নারী। তাদের মধ্যে ৩ হাজার ৬১৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও ১ হাজার ৭৫৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৮১৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৪৯ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৫২ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৩ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ৩ হাজার ৬৫৪ জন ঢাকা বিভাগের, ১ হাজার ২৭১ জন চট্টগ্রাম বিভাগের, ৪১০ জন রাজশাহী বিভাগের, ৪৯৯ জন খুলনা বিভাগের, ২২২ জন বরিশাল বিভাগের, ২৬৭ জন সিলেট বিভাগের, ৩০৭ জন রংপুর বিভাগের এবং ১৪২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।