রাজশাহীর বেসরকারি শাহমখদুম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্ত্রী ও ভাইকে গ্রেফতার করা হলেও এখনো পলাতক রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুজ্জামান স্বাধীন। তাকে গ্রেফতারে পুলিশের কোনো তত্পরতা নেই বলে অভিযোগ করেছেন হামলার শিকার শিক্ষার্থীরা। এদিকে মামলার এজাহারে মোবাইল ছিনতাইয়ের কথা বলা হলেও সেখানে চুরির অপরাধের ধারা যুক্ত করার অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থীরা জানান, গত ২৭ নভেম্বর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শুক্রবার পর্যন্ত পলাতক রয়েছেন স্বাধীন। হামলার ঘটনায় রাতেই শিক্ষার্থীদের পক্ষে মেহেদী হাসান বাদী হয়ে স্বাধীনসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। ছিনতাইকৃত মোবাইল উদ্ধারেও পুলিশের কোনো তত্পরতা নেই বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মামলায় দুর্বল ধারা যুক্ত করায় আসামিরা আদালতে দাঁড়িয়েই জামিন পেয়ে যাচ্ছেন। প্রকাশ্যে পাঁচ নারী শিক্ষার্থীসহ ৯ শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। কেড়ে নেওয়া হয় দুটি মোবাইল। পাশাপাশি নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানিও করে হামলাকারীরা।
হামলার শিকার ফওজিয়া আবিদা বলেন, পুলিশ ইচ্ছেকৃতভাবে মামলাটিকে দুর্বল করে দিয়েছে, যাতে আসামিরা সহজেই জামিন পান। আসামিরা আদালতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে যাচ্ছেন। আবার মোবাইল দুটিও উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পলাতক এমডিসহ অন্য আসামিদের গ্রেপ্তারেও কোনো উদ্যোগ নিচ্ছে না পুলিশ। ফলে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
জানতে চাইলে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির বলেন, মামলায় যেসব ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সেসব ধারাই বসানো হয়েছে। পলাতক আসামিদেরও গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে। আসামিদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।